বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রতিবন্ধী ক্রিকেটে আজ টাইগারদের মুখোমুখি ইংলিশরা

Sports_BG_329790288আজ বুধবার থেকে শুরু হচ্ছে আইসিআরসি আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ জাতির এ আসরের উদ্বোধন করার কথা রয়েছে। মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। পাঁচ জাতির এ আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও আফগানিস্তান। দেশের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত এ আসরের পৃষ্ঠপোষকতা করছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস। টি টোয়েন্টি ফরম্যাটে এ আসরের ফাইনাল হবে ১০ সেপ্টেম্বর।

এদিকে, আইসিআরসি আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ঘরের মাটিতে জয় ভিন্ন অন্য কোনো ভাবনা নেই লাল সবুজের বাংলাদেশের। তবে, দীর্ঘ ১৫ বছর এ ধরনের ক্রিকেটে খেলা ইংলিশরাও চায় জয় দিয়ে আসর শুরু করতে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার দুপুর ১১ টায়।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি নতুন জার্সি তুলে দিলেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক আলম খানের হাতে। সেই সঙ্গে তুলে দিলেন একরাশ স্বপ্ন। যাত্রা শুরু হলো দেশের ক্রিকেটের নতুন এক অধ্যায়ের। যার কাণ্ডারি এখন জীবন যুদ্ধ জয় করা আলমরা।

ঘরের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি আসর। ভাল করতেই হবে। হয়তো রয়েছে অনেক বাধা। সীমাবদ্ধতা। কিন্তু ব্যাট বলের লড়াই দিয়ে সব প্রতিকূলতা জয় করার স্বপ্ন বাংলার এই আহত বাঘদের। টানা একমাস দলীয়ভাবে নিজেদের গড়েছেন। টাইগার সমর্থকরাও থাকবেন পাশে। তাই মাঠের ক্রিকেটে ইংলিশদের হারিয়ে জয় দিয়ে ইতিহাস রচনা করতে চায় এই টাইগাররা।

তবে, কাজটা অত সহজ হবে কি? কেননা, বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইংলিশরা। দীর্ঘ ১৫ বছর ধরে শারীরিক প্রতিবন্ধী দলে হিসেবে খেলছে ইংলিশরা। এরই মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক আসরেও অংশ নিয়েছে ইনজুরি থ্রি লায়ন্সরা। তবে, পাঁচ জাতির আসরে এবারই প্রথম। তাই মিরপুর স্টেডিয়ামের পিচ, মাঠ সবকিছুই বেশি রোমাঞ্চের ছোঁয়া দিচ্ছে ইংলিশদের।

ইংল্যান্ড শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ক্রিকেটার ম্যাট আসকিন বলেন, ‘আমরা এই ধরেনের ক্রিকেট অনেক ধরে খেলছি। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। কিন্তু এখানকার পরিবেশ বাংলাদেশের ক্রিকেটারদের চেনা। তাই একটা ভাল একটা ম্যাচ হতে যাচ্ছে।’

ইংল্যান্ড শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ক্রিকেটার জোস মিয়াদ জানান, ‘আমাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে। আমরা এই সিরিজ জিততে চাই। পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলার অভিজ্ঞতা আছে। তাই বাংলাদেশের বিপক্ষে সেরাটা খেলে জয় পেতে মুখিয়ে আছে আমাদের ক্রিকেটাররা।’

তবে, ইংলিশদের হুঙ্কারকে ভয় পায় না বাংলার এই টাইগাররা। কারণ, বিশ্বকাপে যেমন মাশরাফিরা হারিয়েছিলো ইংল্যান্ডকে, ঠিক ঘরের মাটিতে সেই ইংল্যান্ডকে এবার হারাতে তার থেকে অনুপ্রেরণা নিচ্ছেন আলমরা।

ক্রীড়া প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন