গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৫ সেপ্টেম্বর শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বুধবার জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
দেশবাসীকে সরকারের এই ‘গণবিরোধী’ সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রতিরোধ গড়ে তোলার’ আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, তা না হলে আগামী ডিসেম্বর আবার গ্যাসের মূল্য বৃদ্ধি করবে সরকার।
গত ২৭ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়, যা সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে।
এর প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, সরকার কুইক রেন্টাল পাওয়া প্ল্যান্টের নামে হাজার হাজার কোটি টাকার দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়ার জন্য সরকার এই গণবিরোধী, অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। ২০ দল অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
গত বছরের শেষ দিকে গ্যাসের দাম বাড়ানোর আলোচনা চলার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমকি দিয়েছিলেন, দাম বৃদ্ধি হলে সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু হবে।
বছরের শুরুতে তিন মাস টানা অবরোধ-হরতালের পর কেন্দ্রীয়ভাবে ২০ দলীয় জোটের এটিই প্রথম কর্মসূচি।


