বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে: নৌমন্ত্রী

images৭৭৭বয়স হলে মানুষের চোখে ছানি পড়ে। খালেদার চোখেও ছানি পড়েছে। তাই তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম দেখছেন না। তিনি দেখেন শুধু ষড়যন্ত্র আর জঙ্গিবাদ। এমন মন্তব্য নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের।

বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃক নির্মিত শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম সংলগ্ন কাস্টমস অকশন শেড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি সরকারের বিরোধীতা করে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন মন্ত্রী। বিএনপিতে যারা আছে তারা মিথ্যাচার করছে অভিযোগ করে তিনি বলেন, যে দলের জন্ম ষড়যন্ত্র আর মিথ্যাচার দিয়ে, সে দলের কাছে ভালো কিছু আশা করা যায় না, গণতন্ত্র আশা করা যায় না।

হুঁশিয়ারি উচ্চারণ করে শাহজাহান খান বলেন, যারা আন্দোলনের নামে গণপরিবহনে মানুষকে পুড়িয়ে মেরেছে, সে হত্যার বদলা নেয়া হবে। আমার ভাইয়ের রক্তের বদলা আমরা নেবোই।

বিএনপি চেয়ারপারসনের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, খুনের হুকুমদাতার বিচার যদি হয়, তাহলে মনে রাখবেন (খালেদা জিয়া) আপনার বিচার হবে না কেন?

পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি স্পেশাল ট্রাইবুন্যাল গঠনের দাবি জানান নৌমন্ত্রী।

বিএনপি নেতা মেজর (অব.) হাফিজের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার হুকুমদাতা। একজন সেনা উপপ্রধান হয়েও মেজর জিয়া ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধু হত্যার খবর পেয়েছিলেন, এটা কেউ বিশ্বাস করবে?

আরও পড়ুন