ধর্ষণ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একাধিক মতামত দিয়েছেন। কেউ ধর্ষণকে একেবারে অসম্ভব বলেছেন, তো কেউ একে ‘ছেলে-ছোকরাদের একটু ভুল’ আখ্যা দিয়েছেন। এবার সে সব মন্তব্যকে ‘কড়া চ্যালেঞ্জ’য়ের মুখে ফেললেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই) নেতা অতুল কুমার অঞ্জন। বেড়ে চলা ধর্ষণের জন্য অভিযোগের আঙুল তুললেন খোদ সানি লিওনের দিকেই!
উত্তর প্রদেশের গাজিপুর জেলার একটি র্যালিতে যোগ দিতে গিয়েছিলেন সিপিআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতুল কুমার রঞ্জন। সেখানেই দেশজুড়ে মেয়েদের উপরে অত্যাচার সম্পর্কে বলার সময়ে সানি লিওনের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, ‘‘সানি লিওন নামে এক অভিনেত্রী আছেন। তিনি অনেক পর্নো ছবিতে কাজ করেছেন। এখন তিনি কনডোম প্রস্তুতকারক সংস্থার হয়ে একটি অশ্লীল বিজ্ঞাপন করেছেন। বারবার এই বিজ্ঞাপন টিভি চ্যানেলে, সংবাদমাধ্যমে দেখানোর ফলেই ধর্ষণের মতো ঘটনা বেড়েছে।’’
তবে তিনি একা নন। বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক নেতারা যেন একে অপরকে টক্কর দিতে একেবারে উঠে পড়ে লেগেছেন। গত অগস্ট মাসেই উত্তরপ্রদেশে একটি সাইকেল বিলির অনুষ্ঠান থেকে গণধর্ষনকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব তুমুল বিতর্কের মধ্যে পড়েন। গত বছর তাঁর কথায় ধর্ষণের সংজ্ঞা ছিল ‘ছেলে-ছোকরাদের একটু ভুল’। এক ধাপ এগিয়ে সংযুক্ত জনতা দলের প্রধান শরদ যাদব লোকসভায় দাঁড়িয়ে বলেন, “আমাদের মধ্যে এমন কেউ আছে কি যারা কোনও দিন মেয়েদের পিছনে ঘুরিনি?” এ বার সেই দলেই নাম লেখালেন অতুল।
প্রসঙ্গত, ম্যানফোর্স নামের ওই কনডোমের বিজ্ঞাপনটি ২০১৪ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


