পশ্চিমবঙ্গে একসময় ১১শ’টি সিনেমা হল ছিল। বন্ধ হতে হতে তা এখন ৪শ’তে নেমেছে। রাজ্যের চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে নবান্নে গিয়েছিলেন টলিউড তারকারা। বাংলার চলচ্চিত্র শিল্পীদের দাবি, বাংলা চলচ্চিত্র জগতকে আরও উন্নত করতে হলে বাংলা সিনেমা বেশি করে দেখানোর ব্যবস্থা করতে হবে। সে জন্যই বন্ধ হলগুলি ফের চালু করার দাবিতে রাজ্য সরকারের সাহায্য চাইলেন তাঁরা।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ, দেব, যিশু সেনগুপ্ত, গৌতম ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায়।
প্রসেনজিৎ বলেন, ‘‘বাংলা চলচ্চিত্রের উন্নয়নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।’’ সাম্প্রতিক কালে ১২টি বাংলা সিনেমা হিট হয়েছে বলে জানান দেব।
গৌতম ঘোষ বলেন, ‘‘অন্ধ্র এবং তামিলনাড়ু সিনেমার বাজার ধরে নিয়েছে। অন্ধ্রে ২৫০০ হল আছে। বাংলায় ১১০০ থেকে বন্ধ হতে হতে এখন ৪০০টি। বাংলা চলচ্চিত্র নিয়ে প্রসেনজিৎ রিপোর্ট তৈরি করছেন। তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে।’’
এ দিকে হিট-ফ্লপের সমীকরণ দেখাতে গিয়ে দেব জানান, সাম্প্রতিককালে ১২টি বাংলা সিনেমা হিট হয়েছে। তবে তিনি নির্দিষ্ট সময়কাল উল্লেখ করেননি।
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


