বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বঙ্গবন্ধু হত্যায় জিয়াসহ কে কে জড়িত জাতির সামনে পরিস্কার হওয়া দরকার’

hasan mahmmudবঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানসহ আরও কে কে কিভাবে জড়িত ছিলেন তা জাতির সামনে পরিস্কার হওয়া দরকার। এমনটাই মনে করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাসানী ও কাজী আরেফ ফাউন্ডেশন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

হাছান বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তা তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহর বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। সেই সব বক্তব্য এখনো ফেইসবুকে আছে।

জেনারেল শফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন উল্লেখ করে এই আ্ওয়ামী লীগ নেতা বলেন- অবশ্য তিনি (শফিউল্লাহ) সেনাপ্রধান হিসেবে বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারেননি, সেই ব্যর্থতার দায় তাকেও নিতে হবে। একই সঙ্গে তিনি এই ব্যর্থতার দায়ও স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা হবে, অনেকেই মনে করেছিলেন তা মাঠের স্লোগান। আজ আমি জাতির সামনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সরকারি দলের এমপি হিসেবে অঙ্গীকার করতে চাই, জাতির দাবির সঙ্গে আমরা একাত্ম। ইনশাল্লাহ এই বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করা হবে।’

হাছান মাহমুদ বলেন, ১৫ আগস্ট শোক দিবসে খালেদা জিয়া কেক কাটেন, আনন্দ উৎসব করেন। ১৫ আগস্ট না হলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। সেই জন্য তিনি ১৫ আগস্ট কেক কাটেন।

তিনি বলেন- খালেদা জিয়া বলেছেন, প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই। যিনি নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটেন, খেটে খাওয়া মানুষদের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করেন, তিনি বললেন প্রতিহিংসার রাজনীতি নয়! কিন্তু আমি বলি তার সকল কাজ-কর্মেই প্রতিহিংসা।

আরও পড়ুন