কাজের সুবিধার্থে ও নিরাপত্তার স্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে সরকার। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সংক্রান্ত একটি বিধিমালাও তৈরি করা হচ্ছে। বিধিমালার ওপর ভিত্তি করে তাদের অস্ত্র দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে রাজধনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সম্মেলনে-২০১৫ একথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ও সমাজকে মাদকমুক্ত রাখতে অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অস্ত্র ছাড়াই তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিচ্ছেন। এসব দিক বিবেচনা করা হচ্ছে। অধিদফতরের কর্মকর্তাদের কাজের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। ধীরে ধীরে এ অধিদফতরকে স্বয়ংসম্পূর্ণ করা হবে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান খান বলেন, কোনো অভিযানে যাওয়ার আগে তৎক্ষণিকভাবে ওই এলাকার পুলিশকে জানিয়ে তাদের সঙ্গে নিয়ে যাবেন। এতে আপনাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে।


