জমি নিয়ে বিরোধের জের ধরে বরিশালে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আল আমিন হাওলাদার (৩২) মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিফ।
শনিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার কাজিরহাট থানাধীন রতনপুর গ্রামে তার ওপর এ হামলা হয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আল আমিন উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের রতনপুর গ্রামের সালাম হাওলাদারের ছেলে।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, চাচা গণি হাওলাদার ও তার ছেলেদের সঙ্গে মসজিদ, জমিজমা ও গাছ নিয়ে আল আমিনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বিকেল পৌনে ৩টার দিকে বাড়ি থেকে খাসেরহাট যাওয়ার পথে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তার মাথা ও হাতে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পৌনে ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাহীন রোজা তাকে মৃত ঘোষণা করেন।


