প্রস্তাবিত অষ্টম বেতন কমিশনে গ্রেড পুনর্নির্ধারণের দাবিতে মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ওই দিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতি প্রতিটি ক্যাম্পাসে মিছিল করবে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
এতে সমিতি ফেডারেশন সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদাহানি করে অবনমন করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়টি সরকারকে অবগত করতে গত ১৪ মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু এত সময়ের পরও সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলছেন না। তাই আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হচ্ছি।
ফেডারেশন সভাপতি বলেন, এটা এখন মন্ত্রিপরিষদ সভায় পাস হওয়ার অপেক্ষায় আছে। ঈদের আগে এর আরও দুটি সভা হবে। সভায় পাস হয়ে গেলে আমরা কোথায় যাব? আমরা এখনই সরকারের সুনির্দিষ্ট বক্তব্য চাই।
সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. খবির উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি মেহেদী হাসানসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


