অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা (৪০)। শনিবার বিকেল পৌনে ৪টায় রাজধানীর পল্টন ফাস্ট হোটেলের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শফিউদ্দিন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
শফিউদ্দিন মোল্লার ভাগনে মো. লাভলু জানান, শনিবার সকালে শফিউদ্দিন ঢাকায় আসেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে মামুন নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে খবর দেওয়া হলে তিনি হাসপাতালে ছুটে আসেন।
লাভলু আরও জানান, দুর্বৃত্তরা শফিউদ্দিনের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে গেছে। তবে ব্যাগে কি থাকতে পারে তা তার জানা নেই।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ। জানান, শফিউদ্দিন অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।


