বিএনপি ভবিষ্যত নিয়ে চরম হতাশায় ভুগছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া তথাকথিত হরতাল আর অবরোধের নামে মানুষ হত্যা করে ক্লান্ত। সাধারণ মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা নেই। তাই অচিরেই বিএনপি নেত্রী দল থেকে রিটায়ার্ড করবেন (অব্যাহতি)। এসব মন্তব্য রেলপথ মন্ত্রী মো. মুজিুবল হকের।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব মন্তব্য করেন।
রেলমন্ত্রী বলেন- বঙ্গবন্ধু কোনো দল বা গোষ্ঠীর নেতা নন, বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির জনক। জাতির জনক একবারই হয়, একজনই হয়। তাই বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা করাও ঠিক নয়।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পাশাপাশি স্বাধীনতা লাভের সংগ্রামে পর্দার অন্তরালে থেকে সবসময় বঙ্গবন্ধুকে যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। তার অবদান বাঙালি এখনো স্মরণ করে।
মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারে। এখন দেশে জ্বালাও-পোড়াও নেই, পেট্রলবোমা নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তবে স্বাধীনতাবিরোধীরা এখনো ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। পরাজিত শক্তি কোনোদিন সফল হতে পারবে না।


