২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারে কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্যে সরকার বিদ্যুৎ খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
শনিবার বিকালে রাজশাহীর বাঘা উপজেলার তাওরিপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।
শাহরিয়ার বলেন, দেশের সুষম ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে। এই খাতের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাপক ও কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
২০১৮ সাল নাগাদ বাঘা ও চারঘাট উপজেলার প্রত্যেক পরিবার বিদ্যুৎ পাবে। যে সব শিক্ষা প্রতিষ্ঠান এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি তারা ও বিদ্যুৎ সংযোগ পাবে। দুই উপজেলায় কোন কাঁচা রাস্তা থাকবে না বলে জানান ক্ষমতাসীন দলের এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহার সম্প্রসারণে পূর্বেকার বিদ্যুৎ বিপর্যয় ও লোডশেডিং হ্রাস পাচ্ছে। বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে পড়ছে না। সরকার তাৎক্ষণিক, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে যা বিদ্যুৎ খাতের অসামান্য অগ্রগতি সাধন করেছে। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন আগের ৩২০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে।


