বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা-তারেককে শেষ ধাক্কা দিতে প্রস্তুত হোন: ইনু

Inu----pতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘২১ আগস্ট পরিকল্পনাকারী, জঙ্গিবাদী ও আগুন সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস হতে পারে না। খালেদা জিয়া মাফ চাইলেও তাঁকে মাপ করা হবে না। তারেক রহমান ও খালেদা জিয়াকে শেষ ধাক্কা দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। হয় তাঁরা থাকবে না হয় আমরা থাকব।’

রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আর্কাইভ ৭১। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ১৫৫টি আলোকচিত্র স্থান পায়, যা আজ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করে ইনু বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য কারও সঙ্গে আপস করেননি। যুদ্ধ করে তিনি দেশের জন্য স্বাধীনতা এনেছিলেন। ভালো রাজনীতিবিদ হতে হলে যেমনি বঙ্গবন্ধুর মতো সাহসী হতে হবে, তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণেও সাহসী ভূমিকা পালন করতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি বিজয় দেখেছি। কিন্তু আমাদের দেশে এখন যুদ্ধ চলছে। আর সেই যুদ্ধ হচ্ছে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে। তাই বিজয়ের প্রকৃত স্বাদ এখনো পাইনি। তবে এ যুদ্ধ এখন শেষ পর্যায়ে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এবং আর্কাইভ ৭১-এর প্রধান উপদেষ্টা এ এইচ আসলাম সানি বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান।

আরও পড়ুন