গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দূত এইচ এম এরশাদ বলেছেন, এসবের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। অনেকে তাদের এসবের দাম বাড়াতে বারণ করেছেন। তারা কারও কথা শোনে না। জনগণের চোখের পানি এ সরকার বোঝে না। এর জন্য এ সরকারকে একদিন জবার দিতে হবে।
রোববার দুপুরে কুমিল্লা টাউন হলের বীর চন্দ্র নগর মিলনায়তনে জেলা দক্ষিণ ‘জাতীয় পার্টির’ সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।
বিএনপি অনেক দিন ধরে বলে এলেও এবার সরকারের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, বাংলাদেশে বর্তমানে প্রতিবাদ করার মতো পরিবেশ নেই। দেশের মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে। বাঁচার অধিকার, ভোটের অধিকার, হারিয়ে ফেলেছে। প্রতিবাদ করলে লাশ পাওয়া যাবে রাস্তায়। প্রতিদিন মানুষ নিগৃহীত হচ্ছে।
সংসদে বিরোধী দলের নেতা এরশাদ বলেন, গণতন্ত্র মানে কথা বলার অধিকার, বাঁচার অধিকার। সব অধিকার এখন হারিয়ে গেছে। ক্ষমতায় এসে আওয়ামী লীগ মানুষকে কী দিয়েছে। দেশে এখন আইনের শাসন নেই, কে কখন খুন হবে গুম হবে তার নিশ্চয়তা নেই, জনগণের এখন শ্বাসরুদ্ধকর অবস্থা। মানুষ বাঁচার অধিকার হারিয়ে ফেলেছে।
বিএনপির সমালোচনা করে জাপাপ্রধান বলেন, বিএনপির মিথ্যা আশ্বাসে আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। বিএনপি আমার সঙ্গে ও আমার দলের সঙ্গে বেঈমানি করেছে। বিএনপি এখন সেই বেঈমানির ফল পাচ্ছে।



