নাশকতার পাঁচ মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিনও বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার আমানুল্লাহ আমানের জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। আর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মান্নানের জামিন বহাল রাখেন।
এর আগে গত মাসে এম এ মান্নানকে জামিন দেন হাইকোর্ট। এ জামিন স্থগিত চেয়ে পরে আপিল করেন রাষ্ট্রপক্ষ। রোববার এ আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
চলতি বছরের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর পল্টন, মতিঝিল ও মুগদা এলাকায় গাড়ি ভাংচুরের অভিযোগে আমানুল্লাহ আমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে পুলিশ। আর একই সময় গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় গাড়ি ভাংচুরের অভিযোগে এম এ মান্নানের বিরুদ্ধে মামলা হয়।


