বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে গিয়ে কানাডায় সংসদ নির্বাচনে প্রার্থী

Canada-BDমাগুরার মহম্মদপুর উপজেলার নিভৃত পল্লী হরেকৃষ্ণপুরের নেওয়াজ খালিছ আহমেদ ওরফে তমাল কানাডার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আগামী ১৯ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভূতত্ত্ববিদ খলিছ আহমেদ কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মনোনিত প্রার্থী হিসেবে আলবার্টা প্রদেশের ক্যালগেরির সিগনাল হিল নির্বাচনী এলাকা থেকে এ নির্বাচনে লড়ছেন।

নির্বাচনে বিজয়ী হলে খালিদ আহম্মেদই হবেন কানাডার সর্বপ্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ফেডারেল এমপি।

নেওয়াজ খালিছ আহমেদের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক আফছারউদ্দিন আহমেদ ও মা খুরশিদা পারভীন বলেন, কানাডার জাতীয় ইলেকশনে আমাদের ছেলে মনোনয়ন পেয়েছে এটা আমাদের জন্য খুবই আনন্দের। বিজয়ী হয়ে মহম্মদপুর তথা বাংলা দেশের মুখ উজ্জ্বল করবে এটাই আমাদের প্রত্যাশা। এ জন্য দেশবাসী ও কানাডা প্রবাসী বাংলাদেশীদের কাছে দোয়া ও সহযোগিতা চান তারা।

নেওয়াজ খালিছ আহমেদ ১৯৭৩ সালের ১২ অক্টোবর রাজবাড়ী জেলা সদরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামের হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করে উপজেলা সদরের ঐতিহ্যবাহী আরএসকেএইচ ইন্সটিটিউশনে ভর্তি হন। ১৯৮৮ সালে এসএসসি পাস করার পর রাজবাড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পিএইচডি করতে নরওয়ে যান। সেখানে আরেক দফা এমএ ডিগ্রি নিয়ে চলে আসেন কানাডার ক্যালগেরিতে। সেখানে তেল কোম্পানিতে ভূতত্ত্ববিদ হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন।

এক ছেলে, এক মেয়ে ও গৃহিণী স্ত্রী নেওয়াজ খসবু আহমেদকে নিয়ে তার সংসার।

আরও পড়ুন