বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধর্ষণের নয়া রেকর্ড: আগস্টে ১২৯

bbbbআগস্ট মাসে ৪৫৭ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে শুধু ধর্ষণের শিকার হয়েছেন ১২৯ জন, যা চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড। গণধর্ষণের শিকার হয়েছেন ২৮ জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন নয়জন। এ ছাড়া ১৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বিভিন্নভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ১০ জন। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য সংগ্রহ করেছে সংস্থাটি।

তাদের তথ্য অনুযায়ী, আগস্টে ৫৩ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩১ জনকে। বাল্যবিয়ের শিকার হয়েছে ১৬ জন কিশোরী। উত্ত্যক্ত করা হয়েছে ৪৫ জনকে, তার মধ্যে এ ধরনের ঘটনার পর আত্মহত্যা করতে বাধ্য হয়েছে দুজন।

মহিলা পরিষদ বলছে, মাসটিতে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছে ৪৩ জন নারী। এদের মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১৯ জনকে। নির্যাতনের শিকার নয়জন গৃহপরিচারিকার মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে পাঁচজন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১১টি। যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে দুজনকে। ফতোয়ার শিকার হয়েছে তিনজন। বিভিন্ন নির্যাতনের কারণে ২৩ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ১২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে পাঁচজন।

আরও পড়ুন