ড. মুহম্মদ জাফর ইকবাল। শুধু একটি নামই নয়, যেন একটি প্রতিষ্ঠান। যিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নের কারিগরও। জাফর ইকবাল আর শাহজালাল বিশ্ববিদ্যালয়- এদু’টো যেন একই সূত্রে গাঁথা। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, শিশু কিশোরসহ লাখো মানুষের আদর্শ তিনি। কিন্তু বরেণ্য এই শিক্ষাবিদ ক্ষোভে-অভিমানে প্রায় ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার কথা জানান উপাচার্যকে। আর, এমন খবরে উপাচার্যের প্রতি ক্ষোভ বাড়ছে শিক্ষার্থী ও শিক্ষকদের।
উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে চলতি বছরের ২০ এপ্রিল ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষক। এদের মধ্যে অন্যতম ছিলেন ড. জাফর ইকবাল। তার অধীনে ছিল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি, কম্পিউটার সেন্টার, জার্নাল বোর্ড ও ত্রিপলি প্রধানের পদ। কিন্তু পাঁচ মাস পার হলেও এখনও তার পদত্যাগপত্র গ্রহণ করেননি উপাচার্য। এ অবস্থায়, রোববার বিকেলে উপাচার্যের সঙ্গে দেখা করে তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান। আর পদত্যাগপত্র গ্রহণ না হলে বিশ্ববিদ্যালয় ছাড়ার কথাও জানিয়েছেন বরেণ্য এ শিক্ষাবিদ।
এদিকে প্রিয় শিক্ষক ক্যাম্পাস ছেড়ে চলে যেতে পারেন এমন খবরে শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। আর শিক্ষকরা জানালেন, জাফর ইকবাল চলে গেলে অপূরণীয় ক্ষতি হবে বিশ্ববিদ্যালয়ের। তবে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী না হলেও এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন উপাচার্য। দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করার পদ্ধতিটি চালুর কৃতিত্ব ড. জাফর ইকবালরেই।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


