বুধবার ৪ নভেম্বর ২০২৬

জামায়াতের মুজিবুর-পরওয়ারদের ৩ দিনের রিমান্ড

mojibar-porwarবিস্ফোরক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতের সাবেক দুই সংসদ সদস্য মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে তিনদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান আসামিদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার দুপুরে পল্লবী থানার মিরপুর ১১ নম্বর এলাকার একটি বাসা থেকে আটক হন খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানসহ ১৩ জন। নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পল্লবী থানা পুলিশের এ যৌথ ‍অভিযানে ওই বাসা থেকে ২০টি বোমাসহ বিপুল ‍সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।

আটককৃত অন্যরা হলেন- কাফরুল থানা জামায়াতের সভাপতি তসলিম আলম, আবুল কালাম আজাদ, মো. মুনসুর রহমান, মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এ বি এম নুরুউল্লাহ (মোহাম্মদউল্লাহ), মো. আবুল হাশেম, মো. সাব্বির, মজিবুর রহমান, হারুনুর রশিদ ও মো. আশরাফুল আলম ইকবাল।

আটকের পর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান সংবাদ সম্মেলনে জানান, গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বেতন-বোনাসের অজুহাতে অস্থিরতা তৈরি করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল তাদের।

সাজ্জাদুর জানান, আটক মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে সারাদেশে ১২টি এবং মুজিবুর রহমানের বিরুদ্ধে ৪৫টি মামলা রয়েছে।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত বই ও নথিপত্রে অনুসন্ধান শেষে প্রমাণ পেলে জামায়াতের সাবেক দুই সংসদ সদস্যসহ ওই ১৩ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হবে।

আরও পড়ুন