বুধবার ৪ নভেম্বর ২০২৬

হ্যাপির চিকিৎসা ও শাহাদাতের শাস্তি দাবি

happy-shahdatগৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপির ওপর নির্যাতনকারী জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে তার শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হ্যাপির উন্নত চিকিৎসা ও তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও শ্রমিক নিরাপত্তা ফোরাম আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যুগ্ম সমন্বয়কারী শাহ আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র দফতর সম্পাদক খালেকুজ্জামান লিপন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা আবুল হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিশু গৃহকর্মী হ্যাপিকে নির্মমভাবে নির্যাতন করার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্রিকেটার শাহাদাত হোসেন মামলা থেকে রক্ষা পাওয়ার পাঁয়তারা করছেন। মামলা তুলে নিতে হ্যাপির পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছেন শাহাদাত। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। সরকারের একটি মহল শাহাদাতের হয়ে মামলা নিষ্ক্রিয় করতে তদন্তকারী কর্মকর্তার ওপর প্রভাব খাটাচ্ছে।

বক্তারা মামলাটি দ্রুতবিচার আইনে নিষ্পত্তি, শাহাদাতকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে হ্যাপিকে উন্নত চিকিৎসা ও শাহাদাতের পরিবার থেকে উপযুক্ত ক্ষতিপূরণ নিয়ে দেওয়ারও দাবি জানান।

বক্তারা বলেন, শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশে শিশু নির্যাতন আশংকাজনক হারে বেড়ে গেছে। একই সঙ্গে সারাদেশে গৃহশ্রমিকদের উপর অব্যাহত নির্যাতনের কোনো বিচার হচ্ছে না বলে দাবি করেন তারা।

বক্তারা বাংলাদেশ শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তভুর্ক্ত করে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১০’ দ্রুত অনুমোদন ও আইএলও কনভেনশনের ১৮৯ অনুসমর্থনের আহ্বান জানান।

আরও পড়ুন