বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছেনে হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এন দেব চৌধুরীর বেঞ্চ মঙ্গলবার এ রুল দেন। চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব, এনবিআর চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে হাইকোর্টের একই বেঞ্চ এ বিষয়ে আরো দুটি রুল জারি করেছিলেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম সালাউদ্দিন খান।
গত ২ সেপ্টেম্বর রিট আবেদনটি দায়ের করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ইমরান ও ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী মেহেদি হাসান খান।
রিট আবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করারোপ করা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করারোপ করা হয়নি। এটা বৈষম্যমূলক।


