বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বছরে অন্তত একটি মামলায় বিনামূল্যে সহায়তা দিন’

Chief+Justice_SK+Sinha+(3)প্রত্যেক আইনজীবীকে বছরে অন্তত একটি মামলায় বিনামূল্যে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।

মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টে লিগ্যাল এইডের অফিস উদ্ধোধন উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, দেশে প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন। এর প্রায় শতকরা ৬০ ভাগ মামলা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট।

তিনি বলেন, বিচারক ও আইনজীবীদের লিগ্যাল এইড সম্পর্কে সম্যক জ্ঞানের ঘাটতি রয়েছে। সেটা দূর করতে হবে। এ প্রসঙ্গে এস কে সিনহা ভারতীয় লিগ্যাল এইড ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশের গরীব বিচারপ্রার্থীদের জন্য সরকার লিগ্যাল এইডের ব্যবস্থা করেছে। আমি আশা করবো ফাঁসির মামলায় যেসব আসামিরা কারাগারের কনডেম সেলে বন্দি, কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়ার মতো আর্থিক স‍ামর্থ নেই। তাদের মামলাগুলো গুরুত্বের সঙ্গে লিগ্যাল এইড কমিটি দেখবেন। প্রত্যেক আইনজীবী বছরে একটি করে লিগ্যাল এইডের মামলা পরিচালনা করবেন বলে আশা করছি।’

সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি বর্তমানে ৪৮টি মামলা পরিচালনা করছে। তাদের মোট প্যানেল আইনজীবী ৭৩ জন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়াম্যান বিচারপতি মো. নিজামুল হকের চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইউএসএইডের মিশন ডিরেক্টর জেনিনা জারুজেলস্কি ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ডিরেক্টর মালিক আব্দুল্লাহ আল-আমিন।

আরও পড়ুন