সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৮ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পৌর এলাকার খঞ্জনদিয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী নাঈম (২২), মাসুদ রানা (২৬), শাওন (২২), নিশান (২২), সজল (২০), সৌরভ (২২) যুবলীগ কর্মী রতন (৩০) ও বাবুল (৩৫)
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, একটি মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮/১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


