এ বছর ১ হাজার ফিলিস্তিনি মুসলমানকে হজ করাবেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এর জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন বাদশাহ। সৌদি সরকারের পক্ষ থেকে ওই ফিলিস্তিনিদের হজের যাবতীয় খরচ বহন করা হবে।
এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী শেখ সালেহ বিন আবদুল আজিজ আল শেখ। বলেন, বাদশা সালমান বিন আবুদল আজিজের বিশেষ নির্দেশনায় সরকারি খরচে এক হাজার ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হচ্ছে। নির্যাতিত ফিলিস্তিনবাসীদের প্রতি অতীতের মতো সৌদি সরকার ও সৌদি জনগণের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সহযোগিতা তারা প্রাপ্য।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে চলে আসা রীতি অনুযায়ী বিভিন্ন দেশের কিছু নাগরিককে প্রতি বছরই সৌদি সরকারের আমন্ত্রণে হজ পালনের ব্যবস্থা করা হয়। তবে একসঙ্গে ১ হাজার জনের হজের ব্যবস্থা করা এবারই প্রথম।
সালমান বিন আবদুল আজিজ আল সৌদ চলতি বছরের ২৩ জানুয়ারি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশাহ হিসেবে ক্ষমতা লাভ করেন। প্রগতিশীল ও বাস্তব জ্ঞানসম্পন্ন বলে বেশ সুনাম রয়েছে বাদশাহ সালমানের।


