বুধবার ৪ নভেম্বর ২০২৬

শরণার্থীদের ঢল এখন সুইডেনমুখী

Macedonia-7অভিবাসন নীতি অনুকূল হওয়ায় এবার শরণার্থীদের ঢল সুইডেনমুখী। এ ঢল থামাতে জার্মানির সঙ্গে সব রেল ও সড়কপথ বন্ধ করে দিয়েছে ডেনমার্ক সরকার। রেল ও সড়ক পথ বন্ধ করে দেয়ায় অনেকে হেঁটে রওয়ানা দেন গন্তব্যে। এদিকে, ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। এর আগে, ইউরোপমুখী অভিবাসীদের চাপ সামাল দিতে ইইউভুক্ত দেশগুলোকে কোটার ভিত্তিতে ১ লাখ ৬০ হাজার শরণার্থী ভাগ করে নেয়ার প্রস্তাব দেয় ইউরোপীয় কমিশন।

ডেনমার্ক-জার্মানি মহাসড়ক ধরে চলমান শরণার্থীদের গন্তব্য সুইডেন। অভিবাসন নীতি অনুকূল হওয়ায় সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ আর উন্নত জীবনের টানে জার্মানি ছেড়ে সেখানেই যেতে চাইছেন শরণার্থীরা। বুধবার সুইডেনের উদ্দেশ্যে জার্মানি ছেড়ে আসা প্রায় দুই শতাধিক শরণার্থীবাহী তিনটি ট্রেন ডেনমার্কের রডবি শহরে আটকে দেয় দেশটির পুলিশ। এ সময় শরণার্থীদের ট্রেন থেকে নামতে বলা হলে অস্বীকৃতি জানায় তারা। যেকোনো মূল্যে তারা সুইডেন যেতে চান।

সুইডেনগামী শরণার্থীদের ঢল সামাল দিতে এদিন ডেনমার্ক সরকার জার্মানির সঙ্গে দেশটির সব রেল ও সড়কপথ বন্ধ করে দেয়। এতে অবশেষে পায়ে হেঁটেই রওনা হন শত শত শরণার্থী। ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেন, ‘কোটার ভিত্তিতে শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়ে ইউরোপীয় কমিশনের নতুন প্রস্তাবের প্রতি আমরা সমর্থন জানাই। তবে, ঠিক কোন প্রক্রিয়ায় কয়টি ধাপে এসব শরণার্থীদের পুনর্বাসিত করা হবে এ বিষয়ে ইউরোপীয় কমিশনের সঠিক দিক নির্দেশনা প্রয়োজন। সবাই চাইবে যে যার মতো এদেরকে পুনর্বাসিত করতে। তবে, আমি মনে করি, এ ক্ষেত্রে ইউরোপীয় কমিশনের তত্ত্বাবধানে একটি সমন্বিত প্রক্রিয়া প্রয়োজন।’

এর আগে, ১২ হাজার সিরিয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। অবশ্য এর আগেই জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়ে সম্মতি দেয়। এদিকে চলমান সঙ্কটে আরও বেশি করে সিরিয় শরণার্থীকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

জন কেরি বলেন, ‘বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্র বহু সংখ্যক সিরিয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ইউরোপে চলমান শরণার্থী সংকটে যুক্তরাষ্ট্র আরও বেশি করে শরণার্থীদের আশ্রয়ের দেয়ার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সঙ্কট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।’ এর আগে, ইউরোপমুখী অভিবাসীদের চাপ সামাল দিতে ইইউভুক্ত দেশগুলোকে কোটার ভিত্তিতে ১ লাখ ৬০ হাজার শরণার্থী ভাগ করে নেয়ার প্রস্তাব দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার। বুধবার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে জ্যঁ ক্লদ অভিবাসী সঙ্কট সমাধানে নতুন এই পরিকল্পনা তুলে ধরেন তিনি।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন