জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পুলিশ বাহিনী সক্রিয় থাকায় দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। জনগণের সমস্যাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এক বছরের নিবিড় প্রশিক্ষণ শেষে আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে নামবেন পুলিশের নবীন কর্মকর্তারা। সারদার শতবর্ষ পুরনো পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজের মধ্যে দিয়ে শেষ হলো বিসিএস ৩৩তম পুলিশ ব্যাচের ১৬০ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ।
কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাদনের জবাবে পুলিশ বাহিনীর আধুনিকায়নে তাঁর সরকারের নেয়া পদক্ষেপ গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা আর আইন-শৃঙ্খলা বাহিনীর উন্নয়নে কাজ করছে তার সরকার।
নতুন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ১৯৭২ সালে, এই মাঠে জাতির জনকের দেয়া ভাষণ থেকে উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শাসক নয় বরং সেবক হিসেবে কাজ করতে হবে প্রতিটি পুলিশ সদস্যকে।
শেখ হাসিনা বলেন, ‘মনে রাখতে হবে, মানুষ তার চরম বিপদে পুলিশের দ্বারস্থ হয়। কাজেই তাদেরকে আইনের সেবা দিয়ে মানবিক আচরণ দিয়ে গণমানুষের আস্থা অর্জন করতে হবে।’ কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


