বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভ্যাট নিয়ে এনবিআরের বক্তব্য শুভঙ্করের ফাঁকি: বিএনপি

bnpভ্যাটের বিরুদ্ধে আন্দোলনে নামা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আশ্বাসে ফাঁকি আছে বলে মন্তব্য করেছে বিএনপি। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি বলেছে, এনবিআরের বক্তব্য শুভঙ্করের ফাঁকি। শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশমিত করতেই তারা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথা বলছে। দলটির দাবি, শিক্ষার্থী কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারও কাছ থেকেই ভ্যাট নেওয়া যাবে না।

বেসরকারি উচ্চ শিক্ষায় টিউশন ফির সঙ্গে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার কয়েকটি স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজটে অচল হয়ে পড়ে রাজধানী। এর পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেছে, আরোপিত ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে না, তা দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

এরপরই বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান জানান আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, আমাদের দলের তরফ থেকে সুস্পষ্টভাষায় দাবি করতে চাই, ভ্যাট বিশ্ববিদ্যালয়ও দেবে না, শিক্ষার্থীরাও দেবে না। এটা (ভ্যাট) তাদের ওপর আরোপ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে ভ্যাট থাকতে পারে না, এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। তিনি বলেন, প্রতিষ্ঠান যখন ভ্যাট দেবে, তখন তারা অন্য জায়গা থেকে অর্থ আনবে না। প্রতিষ্ঠান এই ৭ ভাগ ভ্যাট আদায় করার জন্য প্রকারান্তরে শিক্ষার্থীদের বেতনটা বাড়িয়ে দেবে; সেমিস্টার, ল্যাবরেটরি ফিসহ অন্যান্য ফি বাড়িয়ে দেবে।

এনবিআর অবশ্য বলেছে, বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় টিউশন ফি বাড়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন