হ্যাকড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপ নিয়ে ‘চুপ’ কেন- এ প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক করে প্রচ্ছদে নিজেদের নোটিস টাঙিয়ে দিয়েছে সাইবার ৭১।
বৃহস্পতিবার রাতে ঢাবির ওয়েবসাইটটিতে ঢুকে দেখা গেছে ‘হ্যাকড বাই সাইবার ৭১’।
নোটিসে হ্যাকাররা লিখেছে, “৫২, ৬৯ এর আন্দোলনের সফলতা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্য সন্তানদের হাত ধরেই। আজ যখন ভ্যাট নেওয়ার নামে শিক্ষাখাতকে বাণিজ্য হিসেবে করে ফেলা হচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চুপ কেন?”
বুধবার ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের প্রসঙ্গ টেনে হ্যাকাররা তাদের বার্তায় বলেছে, ‘শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অধিকার অমানুষগুলোকে কে দিয়েছে? এই লজ্জা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না, পুরো বাংলাদেশের। শিক্ষাখাতকে পবিত্র রাখতে গর্জে উঠো বাংলাদেশ। নো ভ্যাট অন এডুকেশন, স্লোগান দেয় তারা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ওয়েব মাস্টার মোসতাক আহমদ বলেন, আমরা ওয়েবসাইট ঠিক করার চেষ্টা করছি।


