শরণার্থীদের বিরুদ্ধে আবার কঠোর হতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। এরই মধ্যে বৃহস্পতিবার প্রায় আড়াই হাজার অভিবাসী ও শরণার্থীবাহী জাহাজ পাইরিয়াস বন্দরে ভিড়েছে। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করেছে দেশটি। নিরাপত্তা আরো জোরদার করতে সেখানে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
যুদ্ধ বিধ্বস্ত ও অনুন্নত বিভিন্ন দেশ থেকে ভাগ্য পরিবর্তনের আশায় লাখ লাখ শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করার পর তাদের ঢল ঠেকাতে হাঙ্গেরিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ কড়া ব্যবস্থা নিয়েছিল। কিন্তু সিরিয় শিশু আয়লানের নিথর দেহ সৈকতে পড়ে থাকার ছবি প্রকাশিত হওয়ার পর সমালোচনার মুখে কিছুটা নরম হয় তারা। তবে বুধবার থেকে চিত্র পাল্টাতে শুরু করে।
এ বছর ১ লাখ ৭০ হাজারের বেশি শরণার্থী সার্বিয়া সীমান্ত পার হয়ে হাঙ্গেরি পৌঁছে। এরপর দেশটির নিরাপত্তা কর্মীরা সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে। বুধবার থেকে চলছে পুলিশের টহল। নিরাপত্তা আরো জোরদার করতে সেখানে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে হাঙ্গেরি। এছাড়া হাঙ্গেরির পুলিশ বুধবার এক দিনে রেকর্ড সংখ্যক ৩ হাজার ৩শ’ ২১ জনকে আটক করেছে।
এদিকে হাঙ্গেরিতে ঠাণ্ডা ও বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন শরণার্থীরা। বৃহস্পতিবার জার্মানিসহ পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যেতে বৃষ্টি মাথায় নিয়েই রাজধানী বুদাপেস্টের দিকে হেটে রওনা দেয় অনেকে। অন্যদিকে শরণার্থীদের জন্য বুদাপেস্টের কেলেতি স্টেশনে তাবু ও পরিবারের সঙ্গে যোগাযোগে সহায়তায় নানা ব্যবস্থা করেছে গ্রিনপিস। সরকারের কঠোর অবস্থান সত্ত্বেও শরণার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন সেখানকার স্বেচ্ছাসেবীরা।
তারা বলেন, ‘সরকারের উচিত এদের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা। কিন্তু তারা কিছুই করছেন না। তাই আমাদের উচিত এদের সাহায্যে এগিয়ে আসা। আমরা এদের প্রতি সহানুভূতি দেখাতে চাই। যাতে তারা হাঙ্গেরির সব মানুষকে খারাপ না ভাবে।’ এ ছাড়া বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী বছর অন্তত ১০ হাজার সিরিয় শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য প্রস্তুত। জোশ আর্নেস্ট বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে শরণার্থী নিতে ইচ্ছুক। তিনি তার সরকারকে আগামী রাজস্ব বছরে কমপক্ষে ১০ হাজার শরণার্থী নেয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।’
এদিকে, বৃহস্পতিবার প্রায় আড়াই হাজার অভিবাসী ও শরণার্থী নিয়ে একটি জাহাজ গ্রীসের রাজধানী এথেন্সের কাছে পাইরিয়াস বন্দরে ভিড়েছে। তাদের অধিকাংশই সিরিয়ার নাগরিক। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হিসেব অনুযায়ী ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার উদ্দেশ্যে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ হাজারের বেশি অভিবাসী গ্রিসে পৌঁছেছে।


