বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফ্রান্স আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরিবর্তন: বিরূপ প্রতিক্রিয়া

France_ALফারুক নওয়াজ, প্যারিস থেকে।

ফ্রান্স আওয়ামী লীগের সম্মেলন পিছিয়ে দেয়া হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি হলেও বহু আকাঙ্খিত এ সম্মেলন নির্ধারিত তারিখে হবে না বলে জানিয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি। সম্মেলন প্রস্তুতি কমিটির সুত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের ২০ তারিখ ফ্রান্স আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। বুধবার ৯ সেপ্টেম্বর বিকালে সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় আগামী নভেম্বর মাসের পূর্বে সম্মেলন করা সম্ভব নয় বলে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি নাজিমউদ্দিন জানান।

সম্মেলনের সময় পিছিয়ে দেয়ার যুক্তি হিসেবে নাজিমউদ্দিন গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, ফ্রান্স আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। ইউরোপের কোন দেশে দলীয় সভানেত্রীর উপস্থিতিতে সম্মেলন ও নেতা নির্বাচনের এ সুযোগ নষ্ট করা উচিত হবে না জানিয়ে নাজিমউদ্দিন সম্মেলনের তারিখ পিছিয়ে দেন বলে বৈঠক সূত্র জানায়।

বাংলাদেশ থেকে ঘুরে এসে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ ধরে সম্মেলনের তারিখ হঠাৎ করে পিছিয়ে দেয়ায় ফ্রান্স আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এটাকে মেনে নিতে পারছে না। নাজিমউদ্দিনের বিশ্বাসযোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে ফ্রান্স আওয়ামী লীগের অনেক নেতা কর্মী জানিয়েছেন এর আগে ২০১৪ সালের শেষদিকে প্রধানমন্ত্রীর ইতালী সফরের পর নাজিমউদ্দিন ফ্রান্স আওয়ামী লীগের সম্মেলন নিয়ে একটি লিফলেট বিতরন করেছিলেন। সে লিফলেটে তিনি দাবী করেছিলেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা ফ্রান্স আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতা নাজিমউদ্দিনকে সম্মেলন করার জন্য নির্দেশ দিয়েছেন।

নাজিমউদ্দিনের বিতরণ করা সে লিফলেটে জানুয়ারী মাসের ১১ তারিখে সম্মেলনের ঘোষনা দেয়া হয়েছিলো। পরবর্তীতে সম্মেলন হয়নি। এ বিষয়ে নাজিমউদ্দিন নেতাকর্মীদের কোনও তথ্য দেননি বলে অনেকেই অভিযোগ করেছেন। ফ্রান্স আওয়ামী লীগের নেতা কর্মীদের বহু আকাঙ্খিত এ সম্মেলন ঠিক একই প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা হচ্ছে কিনা সে বিষয়ে অনেক নেতা কর্মী সংশয় প্রকাশ করেছেন।

এদিকে সম্মেলনকে ঘিরে ফ্রান্স আওয়ামী লীগের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। অনেক নিষ্ক্রিয় নেতাও এবারের সম্দেলনকে ঘিরে সক্রিয় হয়েছেন। প্যারিসের পাশাপাশি ফ্রান্সের বাঙ্গালী অধ্যূষিত শহরগুলোতে সম্মেলন নিয়ে নিত্য আলাপ আলোচনা হচ্ছিলো বলে সূত্র জানিয়েছে।

সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনেকেই ইতোমধ্যে প্রার্থীতা ঘোষণা করেছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে ফ্রান্স আওয়ামী লীগের অনেক নেতা জানিয়েছেন দলকে বিতর্কিত করার জন্য প্রধানমন্ত্রীকে জড়িয়ে একটি পক্ষ এ ধরনের গুজব ছড়াচ্ছে বলে তারা মনে করেন।

ইউরোপ ব্যুরো চিফ
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন