বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশের পোশাকসহ ঢাকায় ২ ডাকাত গ্রেপ্তার

arrestডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মতিঝিল থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক ও হ্যান্ডকাপসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মুনতাসীরুল ইসলাম।

মুনতাসীরুল বলেন, শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে মতিঝিল থেকে মিলন মিয়া ও মাসুদ মৃধা ওরফে লেলিন নামের আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সচল ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার, রিভলবারের দুটি গুলি, এক সেট ডিএমপি পুলিশের পোষাক, একটি কালো লাইলনের বেল্ট, স্টিলের একটি জোড়া হ্যান্ডকাপ ও দুটি ছোরা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঢাকা মহানগরসহ আশপাশের জেলা শহরে তারা ডাকাতি করে থাকে। গ্রেপ্তারের সময় তারা গুলিস্থান ও মতিঝিল এলাকায় ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন