বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিশু ধর্ষণকালে হাতেনাতে ধরা যুবলীগ নেতা

child rafহবিগঞ্জে সংখ্যালঘু পরিবারের এক শিশুকে ধর্ষণ করার সময় শামছুল মিয়া চৌধুরী (৩২) নামের এক যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে স্থানীয় লোকজন তাকে ধর্ষণ করার সময় হাতেনাতে আটক করে। স্থানীয় প্রভাবশালী রাজনীতিক হিসেবে পরিচিত শামছুল মিয়ার হুমকিতে রাতে স্থানীয় লোকজন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। শামছুল বিবাহিত। তার দুটি সন্তান রয়েছে।

শনিবার সকালে শিশুটির মা শামছুলের বিরুদ্ধে মামলা করলে দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শিশুটি ঘরের একটি কক্ষে ঘুমিয়েছিল। রাতে প্রতিবেশী শামছুল দরজা ভেঙে ঘরে ঢোকেন। শিশুটির চিৎকারে তার মা কক্ষে ঢুকে শামছুলকে ধর্ষণ করতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় তারা শামছুলকে ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন শামছুল মিয়া সেখানে উপস্থিত সবাইকে শাসিয়ে বলেন, এ ঘটনা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তিনি তাকে দেখে নেবেন। পরে লোকজন ওই এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহমুদ আলীকে ডেকে আনে। মাহমুদ আলী রাত দুইটার দিকে শামছুলকে অনুরোধ করে ওই ঘর থেকে বাইরে নিয়ে আসেন।

এলাকাবাসী জানান, শামছুল কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সিনিয়র নেতা এবং তার পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ তার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে সাহস পায় না।

এ ঘটনার পর শামছুল শিশুটির পরিবারের লোকজনকে মামলা না করতে শাসিয়ে যান বলে শিশুটির মা জানান।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার শামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন