আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গার্মেন্টস কারখানার শ্রমিকদের ঈদুল আজহার বোনাস পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। বৃহস্পতিবার আশুলিয়ায় গার্মেন্টস মালিকদের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে সেপ্টেম্বরের বেতনের বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে মালিকরা পৌঁছাতে পারেননি বলে জানায় সূত্রটি। শ্রমিকদের দাবি, সেপ্টেম্বর মাসের বেতন যাতে ছুটির আগেই দিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে তথ্যটি জানা গেছে।
বিজিএমইএ’র সহ সভাপতি মো. শহীদুল্লাহ আজীম জানান, যেহেতু ২৫ সেপ্টেম্বর নাগাদ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বৈঠকের শুরুতে ছুটির সময় চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধের প্রস্তাবনা রাখা হয়। কিন্তু এ সময় অনেক মালিকই চলতি মাসের অর্ধেক বেতন প্রদানের আর্থিক সক্ষমতা নেই বলে জানান। ফলে সেপ্টেম্বরের বেতনের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মালিকপক্ষ।
তিনি বলেন, ২০ সেপ্টেম্বরের মধ্যেই যাতে সব কারখানা মালিকরা ঈদুল আজহার বোনাস পরিশোধ করেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বরের মধ্যেই আগস্টের বেতন দিয়েছে বেশিরভাগ কারখানা। কিন্তু সেপ্টেম্বর মাসের বেতনের বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যার যার সক্ষমতা অনুসারে মালিকরা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।


