গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ। শনিবার বিকেলে নগরীর ওয়াসা মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া মানববন্ধন থেকে দাবির পক্ষে জনমত গড়তে যানবাহনে পোস্টার-স্টিকার লাগানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছুটির সময় পথসভারও ঘোষণা দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সহ সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, একরামুল হক রাসেল, শাহিন উল্লাহ, সৌমেন বড়ুয়া, আ ফ ম সাইফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, গোলাম সামদান জনি, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি, সম্পাদক আরিফুল ইসলাম, উপ সম্পাদক আবদুল হালিম মিতু, সনেট চক্রবর্তী, মো.বিন ফয়সাল, আবু হানিফ রিয়াদ, মিজানুর রহমান মিজান, সহ সম্পাদক নাদিম উদ্দিন, রাহুল দাশ, সাব্বির সাকির, সদস্য মিজানুর রহমান এবং মোরশেদ আলম বাবলু।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, আমরা কোনো অযৌক্তিক দাবি তুলিনি। অতীতে আমরা এই নগরীতে অর্ধেক ভাড়ার বিনিময়ে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে দেখেছি। বিশেষ করে বাসে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখালে অর্ধেক ভাড়া নেয়া হত। কিন্তু আস্তে আস্তে গণপরিবনগুলোতে সেই সুযোগ তুলে নেয়া হয়েছে। গণপরিবহনের অর্ধেক ভাড়া নেয়া হলে গরীব-মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা উপকৃত হবেন।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, আমরা কারও করুণা চাইতে রাজপথে আসিনি। ন্যায্য অধিকারের দাবিতে রাজপথে নেমেছি। ঢাকাসহ দেশের বেশিরভাগ জেলায় গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়া হয়। অথচ চট্টগ্রামে এই নিয়ম মানা হচ্ছেনা। এক দেশে দুই রীতি থাকতে পারেনা।


