বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট নিয়ে সৃষ্ট সংকট শিগগিরই সমাধান করা হবে। আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার বিকেলে অর্থমন্ত্রণালয়ে পূর্বাচলে ৪০ একর জমির ওপর কনভেনশন সেন্টার নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে মুহিত ও তোফায়েল এ আশ্বাস দেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী মুহিত বলেন, আলোচনার পথ রুদ্ধ নয়, ভ্যাট পুনর্বিবেচনা করতে সরকার অনমনীয় নয়। আমরা পুনর্বিবেচনা তো সব সময় করি। ভ্যাট নিয়ে আলোচনার দ্বার খোলা রয়েছে। আমি আশা করি, তারা এ বিষয়ে আমার সঙ্গে আলোচনা করবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা পর্যালোচনায় বেতন কমিশন কাজ শুরু করবে বলেও জানান মুহিত।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাট নিয়ে আমরা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এ বিষয়ে আলোচনা চলছে।


