বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভ্যাটবিরোধী আন্দোলনে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

home ministerটিউশন ফি’র ওপর অর্পিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে। তারা সতর্ক রয়েছে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যেটা বর্তায় সেটা কিন্তু আমরা করছি। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

সভায় পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামাল বলেন, তারা (আন্দোলনকারী) যাতে কোনো ধরনের যানবাহনের ওপর হামলা না করতে পারেন, ধ্বংসাত্মক কাজে যাতে লিপ্ত না হতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছে।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে গত কয়েকদিন ধরে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি এবং জনভোগান্তি তৈরি হয়েছে। ভোগান্তি নিরসনের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও ভ্যাট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা মাননীয় অর্থমন্ত্রীর ব্যাপার।

আরও পড়ুন