সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামে ক্রেন উল্টে শতাধিক নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। শুক্রবারের ওই দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আবুল কাশেম (৪৫) চট্টগ্রামের বাসিন্দা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়। ওই দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন আবুল কাশেম।
বাংলাদেশ হজ মিশনের মেডিকেল দলের প্রধান ডা. ফিজির হায়াৎ খান সাংবাদিকদের বলেন, শনিবার নিহতদের ছবি ও পরিচয়পত্র দেখে মোহাম্মদ আবুল কাশেমের পরিচয় নিশ্চিত হয়েছেন তারা।
ওই ঘটনায় নিহতদের ছবি মক্কায় হাসপাতালের দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে। তা থেকেই নিহতদের শনাক্তের চেষ্টা করছে বিভিন্ন দেশের দূতাবাস কর্তৃপক্ষ।
মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফ ঘিরে রাখা মসজিদে শুক্রবার ক্রেন উল্টে ১০৭ জন নিহত এবং অন্তত ২৩৮ জন আহত হন। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি থাকার কথা জানিয়েছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। আহতদের অধিকাংশই চিকিৎসা নিয়ে হাসাপাতাল ছেড়েছেন বলে শনিবার জানিয়েছিলেন তিনি।


