টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রত্যাহার করে নিয়েছে সরকার। এর ফলে জন জীবনে স্বস্তি ফিরে এলো।
সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর অারোপিত ভ্যাট প্রত্যাহার করে নিতে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার কার্যালয়ে ফিরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এর পরই অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভ্যাট প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কোনোমতেই শিক্ষাঙ্গনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় না এবং জনজীবনে অসুবিধাও সৃষ্টি করতে চায় না। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সরকার ২০১৫-১৬ অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর যে সাড়ে ৭ শতাংশ মূসক আরোপিত হয় সেটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা তাদের আন্দোলন ‘বন্ধ করে’ শিক্ষাঙ্গনে ফিরে যাবেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো ‘বাধা সৃষ্টির সুযোগ দেবেন না’ বলেও বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।


