জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার গার্মেন্ট ব্যবসায়ী এনামুল হককে র্যাবের কাছে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি রুহুল আমিন পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষ। শুনানি শেষে এনামুলের জামিন নাকচ করে তাকে দুই দিনের রিমান্ডে পাঠান বিচারক।
চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ সেপ্টেম্বর ঢাকার তুরাগের তালতলা এলাকা থেকে ‘গোল্ডেন টাচ’ নামের পোশাক কারখানার পরিচালক এনামুল হককে গ্রেপ্তার করে র্যাব। তাকে বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেনের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন এনামুল।


