সায়রা। সুন্দরী, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পায়ে সাধারণ স্যান্ডেল, শরীর ঢাকা বোরকা, হাতে এক ভণ্ড হেকিমের দাওয়াখানার লিফলেট। বাস থামলে ওগুলো জানলা দিয়ে গুঁজে দেয়। আর সায়রা নামে এ কাজটিই করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা! শাহবাগ, নিউমার্কেট, পলাশী মোড়- ওইসব এলাকার রাস্তায়, মোড়ে, বাসে সায়রা হয়ে লিফলেট বিলি করে বেড়িয়েছেন প্রভা।
হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে এসব বাস্তবে নয়; অভিনয়ে। আসন্ন ঈদুল আজহায় তার অভিনিত নাটকের নাম ‘লিফলেট’। এটাতেই প্রভাকে এমন দৃশ্যে দেখা যাবে।
প্রভার এই নতুন চরিত্র, তাকে নিয়ে নতুন এ গল্প যিনি বলেছেন ক্যামেরার মাধ্যমে, তিনি সেরনিয়াবাত শাওন। নির্মাতা মাহমুদ দিদারের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন। চিত্রনাট্যও লিখেছেন মাঝে মধ্যে। নাটক ‘লিফলেট’ দিয়েই শুরু করলেন পরিচালনা।
উচ্ছসিত প্রভা বলেন- এবারের ঈদুল আজহায় ভালো একটা কাজ করছি। চরিত্র অন্যরকম, অভিজ্ঞতাও নতুন।
এ নাটকে আব্দুল ওয়াহেদ হয়ে আছেন শ্যামল মাওলা। আর ‘ভণ্ড হেকিম’ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। পরিচালক জানিয়েছেন, ‘লিফলেট’ প্রচার হবে এনটিভিতে।


