বর্তমানে দেশে এমন এক অবস্থা বিরাজ করেছে যে পুলিশবাহিনী মনে করে চোর-ডাকাত ধরে কত টাকাই আর পাব, এর চেয়ে বিরোধী দল দমন করলে বেশি ইনকাম করব। তাই চোর-ডাকাত ধরার চেয়ে বিরোধী দল দমনে বেশি উৎসাহী, কারণ তাতে তাদের ইনকাম বেশি। এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানী ফাউন্ডেশন ইউএসও এবং অ্যার্ডন পাবলিকেশনের উদ্যোগ ড. আনিসুজ্জামান সম্পাদিত ‘মাওলানা ভাসানী: লিডার অফ দ্যা টলিং মেসেজ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক মাহফুজ উল্লাহ, সাংবাদিক নুরুল কবির,ফাউন্ডেশনের সভাপতি শামসুল আরেফীন, প্রকাশক এবং প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসেন প্রমুখ।
জাফরুল্লাহ বলেন, “দেশের ৫ কোটি মানুষের সমর্থন নিয়েও বিএনপি নড়তে পারছে না অথচ ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করে দেশের মানুষকে দেখিয়ে দিলো।”
সাংবাদিক মাহফুজ উল্লাহ মাওলানা ভাসানীর স্মৃতিচারণ করে বলেন, “বাংলাদেশে শিক্ষা বিস্তারে ভাসানীর যে আগ্রহ ছিলো তা বাংলাদেশের কোন রাজনীতিবিদের মধ্যে আমি দেখিনি। বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে ভাসানীকে লুকিয়ে রাখা হয়েছে।”


