বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইয়াবা ব্যবসায় ড্রাইভার আটক: কপাল জোরে বাঁচলেন আসিফ

asif-কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িচালককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিস্মিত হয়েছেন জনপ্রিয় এ গায়ক। আসিফ জানান, এতদিনের বিশ্বস্ত গাড়িচালককে সন্তানের মতোই মনে করতেন। কিন্তু ছেলেটি যে এতবড় অপরাধ করতে পারে বুঝতে পারেননি।

এ ঘটনায় আসিফ বলেন, ‘দশ বছর ধরে ড্রাইভারকে নিজের সন্তানের মতোই দেখেছি, অথচ আমার মানসম্মান বিবেচনায় না রেখে সে জড়িয়ে পড়ল ভয়ঙ্কর ইয়াবা চক্রে! বিশ্বাসের নদীগুলো আস্তে আস্তে ড্রেনে রূপান্তরিত হয়েছে। এতদিন হৃদয় দিয়ে ভেবেছি, এখন মাথা দিয়ে ভাবব।’

এদিকে আসিফ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, র‌্যাব-পুলিশ চাইলে তাকে হেনস্থা করতে পারত।

আসিফ মঙ্গলবার এ ঘটনায় নিজে ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘সিনেমার শুটিং শেষে স্টুডিও থেকে এটিএন বাংলার প্রশাসনিক ভবনে গেলাম। ওখান থেকে শুভেচ্ছা বিনিময় করে নিচে নেমে এসে গাড়িতে উঠলাম। স্টুডিও লাইট এবং প্রচণ্ড গরমে দুর্বল লাগছিল, গত কয়েক দিনের টানা রেকর্ডিংয়ে আমি ক্লান্ত। জ্যামের ভয়ে বাসায় না গিয়ে অফিসে চলে গেলাম। লাঞ্চ সেরে একটু রেস্ট নেব, হঠাৎ মইনুল এসে বলে র‌্যাব, ডিবি পুলিশ নিচে, গাড়ির চাবি দিচ্ছে না। নিচে নেমে দেখি আমার ড্রাইভার হাতকড়া পরিহিত, র‌্যাব-২ এবং গোয়েন্দা পুলিশ ইয়াবা গুনছে। ঘটনাটা মেলাতে পারছিলাম না, অফিসার জানালেন আমার ড্রাইভার ইয়াবা সেবন করে, পাশাপাশি ব্যবসাও করে। গত ৩-৪ দিন ধরে তাকে তারা নজরদারিতে রেখেছে এবং চৌকস গোয়েন্দাদের একটি দল ক্রেতা হিসেবে তার সঙ্গে যোগাযোগ রাখছিল। ড্রাইভারের সাম্প্রতিক গতিবিধি সন্দেহজনক আমার কাছেও মনে হয়েছে, এটা বাসায় ও অফিসে আগেই জানিয়েছি।

এটিএনের বাইরে কারওয়ান বাজারের মতো জায়গায় র‌্যাব-২ এবং ডিবি পুলিশ আমাকে ধরতে পারত। তারা নিশ্চিত হয়েছে আমি এটার সঙ্গে জড়িত নই। সে জন্য আমি অফিসে ঢোকার অন্তত চল্লিশ মিনিট পর তারা ড্রাইভারকে হাতেনাতে ধরে ফেলে। ইচ্ছা করলেই অফিসার আমাকে ফাঁসিয়ে দিতে পারতেন, ক্রেডিট নিতে পারতেন, আজকে পত্রিকার নিউজগুলো হতো অন্যরকম।’

আরও পড়ুন