বুধবার ৪ নভেম্বর ২০২৬

টিকিট কালোবাজারি: সাবেক রেল কর্মচারীসহ আটক ৩

ticketরাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের আগাম টিকিট বিক্রির মধ্যে কালোবাজারির অভিযোগে রেলের একজন সাবেক কর্মচারীসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আটক করে রেলওয়ে পুলিশ।

আটকরা হলো- মো. আবু শাহজাহান (৬৩), আল আমিন (৩২) ও সুমন আহমেদ নাসির (৩০)। তাদের কাছে ১৭টি টিকেট পাওয়া গেছে বলে জানান কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি মজিদুর রহমান।

ওসি আরো বলেন, নিরাপত্তার অংশ হিসেবে ক্লোজড সার্কিট ক্যামেরায় নজর রাখা হচ্ছে। ভিডিও ফুটেজ ও গতিবিধি দেখেই কালোবাজারিদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা করা হবে।

কমলাপুর স্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আমরা কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখছি।

টিকিট বিক্রির দ্বিতীয় দিনে বুধবার বেলা সোয়া ১২টা পর্যন্ত তিন শতাধিক লোককে কাউন্টারেরে সামনে অপেক্ষায় থাকতে দেখা গেছে।

টিকিট বুথ ও সারি কম হওয়ায় টিকিট কিনতে ভোগান্তি বেশি হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমলাপুর স্টেশনের ম্যানেজার বলেন, ভবিষ্যতে স্টেশনে স্থান সঙ্কুলান করতে পারলে বুথের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

আরও পড়ুন