গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার কিশামত বাগচি সিদ্দিকীয়া দ্বি-মুখি সিনিয়র আলিম মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাদুল্লাপুর থানার এসআই জয়নাল আবেদিন।
গ্রেপ্তার খন্দকার আবু বক্কর সিদ্দিক (৫০) ওই মাদ্রাসার এবতেদায়ি শাখার প্রধান শিক্ষক। তিনি একই গ্রামের আব্দুস ছালাম খন্দকারের ছেলে।
এসআই জয়নাল বলেন, গত ১০ সেপ্টেম্বর মাদ্রাসার আরবি ক্লাসে পড়া না পারায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে কাছে ডেকে যৌন নিপীড়ন করেন আবু বক্কর। এরপর ওই ছাত্রী মাদ্রাসায় আসা বন্ধ করে দেয়।
“অভিভাবকরা মাদ্রাসায় না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে ঘটনাটি প্রকাশ করে মেয়েটি। পরে বুধবার সকালে গ্রামবাসী মাদ্রাসা ঘেরাও করে।”
খবর পেয়ে পুলিশ গিয়ে আবু বক্করকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ওই ছাত্রীর খালা বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস।


