গাজীপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের হাত-পা বেঁধে ১৯টি গরুসহ ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গরু ব্যবসায়িরা জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার ভোরে মীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী ব্যবসায়িরা জানান, বুধবার রাত ৮টার দিকে রাজশাহী থেকে ১৯টি গরু কিনে ট্রাকে করে বিক্রির জন্য নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন তারা। গরুবাহী ট্রাকটি ভোরে মীরের বাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ এসে ট্রাকটির গতিরোধ করে। এসময় পিকআপ থেকে ১০-১২জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়িদের জিম্মি করে ট্রাকচালক, হেলপারসহ তিন ব্যবসায়িকে হাত পা বেঁধে ওই পিকআপে ওঠায়।
এক পর্যায়ে ছিনতাইকারীরা গরু ব্যবসায়িদের নগদ ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন ও ১৯টি গরুসহ ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়।
পরে ব্যবসায়িদের হাত-পা বাঁধা অবস্থায় সদর উপজেলার মাস্টার বাড়ি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে ত্রিপল দিয়ে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীসহ ৬জনকে মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে নিজেরাই বাধন খুলে ফাঁড়িতে আসলে তাদের থানায় পাঠিয়ে দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


