সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কা আল মোকাররমায় নারীসহ আরও পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সৌদিতে ৩৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এদের মধ্যে ৭ জন নারী ও ২৬ জন পুরুষ।
মক্কা বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।
গত কয়েকদিনে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার মো. গিয়াস উদ্দিন (৫১)। তিনি ১৬ সেপ্টেম্বর বুধবার ৫টার দিকে মক্কায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর বিই-০৭২৪৯৪৪ এবং হজ আইডি নং ১০৯৭০৬৭। গিয়াস উদ্দিন পাঞ্জেরি ইন্টারন্যাশনালের মাধ্যমে হজ পালনের জন্য সৌদিয়ার এসভি-৫৭৩১ ফ্লাইটে গত ৩১ আগস্ট সৌদি আসেন।
সিরাজগঞ্জের বেলকুচির মোহাম্মদ আব্দুল আলীম (৪৮) ১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টার দিকে মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর এএফ-০৮৫২৯০৯ এবং হজ আইডি নং ১০৪০০২৩। আব্দুল আলীম গত ২৯ আগস্ট সৌদিয়ার এসভি-৫৬২৫ ফ্লাইটে মদীনা এয়ার এক্সপ্রেসের মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরবে আসেন।
এদিকে, মো. আব্দুল গফুর (৮৫) ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ১০টার দিকে মক্কায় মারা গেছেন। তার পাসপোর্ট নং বিএফ-০০৬৮১৯৮ এবং হজ আইডি নং-০৭৭৯০১৯। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। হজ পালনের উদ্দেশে তিনি ফিউচার ওভারসিজের মাধ্যমে গত ৩১ আগস্ট বিমানের বিজি-৫০৪৭ ফ্লাইটে সৌদি আরব এসেছিলেন।
চতুর্থজন, শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার নজরুল ইসলাম বালা (৭৪) শুক্রবার রাত দুইটার দিকে মক্কার আল নূর হাসপাতালে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিই-০২৬২৪৯৫ এবং হজ আইডি নং ১০৩৯০৩২। নজরুল ইসলাম বালা হজ পালনের জন্য মডেল আর্ক ইন্টারন্যাশনালের মাধ্যমে গত ৩ সেপ্টেম্বর বিমানের বিজি-১০৫৭ ফ্লাইটে সৌদি আরব আসেন।
পঞ্চমজন, ফরিদপুর জেলার কোতোয়ালী উপজেলার ফাতেমা বেগম (৬২) বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৫১ মিনিটে মক্কা বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সেন্টারে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএ-০১৭০৯৫৪ এবং হজ আইডি নাম্বার ১১১০০৭৭। তিনি পবিত্র হজব্রত পালনের উদ্দেশে আরএসএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে গত ২ সেপ্টেম্বর সৌদিয়ার এসভি ৫১২১ ফ্লাইটে সৌদি আরব এসেছিলেন।
উল্লেখ্য, এ বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত ২৫৭টি ফ্লাইটে ৯৫ হাজার ৯২৩ জন সৌদিতে পৌঁছেছেন।


