বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিবন্ধনে সাড়া না দিলে সিম বন্ধ

সিমমোবাইল সিমকার্ড নিবন্ধন প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা না থাকলেও দ্বিতীয় পর্যায়ে গ্রাহকগণ সাড়া না দিলে সেই সব সিম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

নির্দেশনাটি ইতোমধ্যেই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পাঠানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, পুরাতন সিমকার্ড নিবন্ধন প্রক্রিয়ায় দুটি ও নতুন সিমকার্ড নিবন্ধনের ক্ষেত্রে একটি পর্যায় থাকবে।

নানা আলোচনা-সমালোচনার পর সিমকার্ড নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ মুহূর্তে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিমকার্ড নিবন্ধনের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। যাদের নিবন্ধন লাগবে এবং কি করতে হবে সে বিষয়ে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটর থেকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। তখন সংশ্লিষ্টদের সেই কাজগুলো করতে হবে। না করলে সিমকার্ড বন্ধ করে দেবে বিটিআরসি।

এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান, সিমকার্ড নিবন্ধনের কাজটি তিন ভাগে হবে। প্রথম ভাগে যাদের বৈধ নিবন্ধন আছে তাদের কিছুই করতে হবে না। দ্বিতীয় ভাগে যাদের একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একাধিক সিম নেয়া আছে তাদের কাছে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটর থেকে এসএমএস দিয়ে জানানো হবে তিনি কোন কোন নম্বরটি রাখতে চান? ওই গ্রাহক ফিরতি এসএমএসে জানিয়ে দেবেন নম্বরটি। তাহলেই সেগুলো চূড়ান্ত করা হবে। আর তৃতীয় ভাগে যাদের নিবন্ধন বৈধ নয় বা একেবারেই নিবন্ধন নেই তাদের সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার সেন্টারে গিয়ে নতুন করে জাতীয় পরিচয়পত্রসহ সিম নিবন্ধন করে নিতে হবে। যারা এ কাজ করবে না তাদের নম্বর বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন