বুধবার ৪ নভেম্বর ২০২৬

জার্মান-ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ ঢাকা সফর

2-minister_ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোহো ফ্যাবিউস এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্রাঙ্কভালটার স্টাইনমায়ার একসঙ্গে ২১ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকা আসছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা।

এই সফরকে যুগান্তকারী ঘটনা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি যখন প্যারিস সফরে যাই তখন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোহো ফ্যাবিউস বললেন যে তারা দুইজন (ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোহো ফ্যাবিউস এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্রাঙ্কভালটার স্টাইনমায়ার) একসঙ্গে ঢাকা সফর করতে চান। সঙ্গে সঙ্গে আমি প্রস্তাবটি লুফে নেই। তারা দুইজন ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা সফর করবেন।’

তিনি আরও বলেন, ‘এই দুইজন ইউরোপীয় ইউনিয়নের দুইটি প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী। তাদের দুইজনের একসঙ্গে বাংলাদেশ সফর ঢাকার জন্য যুগান্তকারী ঘটনা। এই সফরের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে আমাদের বাণিজ্য, বিনিয়োগসহ সার্বিক বিষয়ের সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

জানা গেছে, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বাংলাদেশের মানুষ কীভাবে মোকাবিলা করছে তা এই সফরে সরেজমিনে পর্যবেক্ষণ করবেন ফ্রান্স ও জার্মানের দুই পররাষ্ট্রমন্ত্রী। চরাঞ্চলের মানুষের জীবনধারণ দেখতে দুইজন দক্ষিণাঞ্চলের পটুয়াখালীও সফর করবেন।

পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে জার্মান সহায়তায় পরিচালিত কয়েকটি বেসরকারি সংস্থার উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখবেন দুই মন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স ও জার্মান এর দুই মন্ত্রীকে ওই সময় সঙ্গ দেবেন।

এ ছাড়া ঢাকায় নবনির্মিত ফ্র্যাংকো-জার্মান চ্যান্সারি ভবনের উদ্বোধন করবেন লোহো ফ্যাবিউস ও ড. ফ্রাঙ্কভালটার স্টাইনমায়ার।

আরও পড়ুন