কলকাতা-ঢাকার যৌথ প্রযোজনার ছবি “ব্ল্যাক” এর মুক্তি পিছিয়ে গেল। সোহমের সঙ্গে ঢাকার নায়িকা বিদ্যা সিনহা মিম রয়েছেন নায়িকা। সোহম, মিম ছাড়াও ছবিটি আরও অভিনয়ে করছেন ভারতের আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, বাংলাদেশের অমিত হাসানসহ অনেকই।
নাম পাল্টানো, শুটিংয়ের সংকট, কাজের সময় বারবার পিছিয়ে যাওয়া; সব মিলিয়ে মুক্তির দিনক্ষণ পিছিয়ে গেলেও কলকাতার সোহমের বিপরীতে অভিনয় করে এবং রাজা চন্দের পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ নিয়ে উচ্ছ্বসিত বিদ্যা সিনহা মিম জানিয়েছেন— এ ছবি মুক্তির অপেক্ষা যেন তাঁর জীবনের নতুন দিনেরই অপেক্ষা।
মাস তিনেক আগের ঘটনা। কলকাতার সোহম আর বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে নিয়ে ঢাকার একটি হোটেলে ধুমধাম করেই নাম প্রকাশ করা হয়েছিল যৌথ প্রযোজনার একটি ছবির। সে সময় নাম রাখা হয়েছিল— ‘রকেট’। কিন্তু শুটিংয়ের মাঝামাঝি সময়ে নাম বদলে নতুন নাম রাখা হয় ‘ব্ল্যাক’।
এ ছবি নিয়ে নতুন খবর হলো— ছবির মুক্তি নিয়েও এবারে গরমিল হয়েছে কথা ও কাজের। গেল গণেশ পূজার শুরুতে ভারতের পশ্চিমবঙ্গে ছবিটির মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছিল। শেষপর্যন্ত অবশ্য প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি মেলেনি। এ সব বিষয়ে ছবির প্রযোজক ভারতের রানা সরকার সবকিছু খুলে বললেন— ‘আমরা কাজটি সঠিক সময়ে শেষ করে আনতে পারিনি। প্রথমে এই পূজাতেই ছবি মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং শুরু না করতে পারাতেই বিপত্তিটা হয়েছে। ছবিটির কাজ শেষ করে আনতে না পারাতে নির্ধারিত সময়ে মুক্তি দেওয়া গেল না।’
তবে তিনি জানিয়েছেন, ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। যতটুকু কাজ হয়েছে তার সবটুকুরই ডাবিং, সম্পাদনার কাজ শেষ। বাকি মাত্র গানগুলো আর কয়েকটি দৃশ্যের শুটিং।
তাহলে কবে ছবিটি মুক্তি পাচ্ছে? রানা সরকার জানান, আগামী ৬ নভেম্বর মুক্তির দিন নতুন করে ঠিক করা হয়েছে। এক সপ্তাহ আগপিছ করে এক সঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ছবিটির মুক্তি দেওয়া হবে’। অভিনেতা সোহমের বিপরীতে এবং রাজা চন্দের পরিচালনায় প্রথম কাজ করছেন বাংলাদেশের মেয়ে মিম। তাই এ ছবি নিয়ে আগে থেকেই উচ্ছ্বসিত ছিলেন তিনি।
মিম জানিয়েছেন, ‘তাঁদের সঙ্গে কাজের সুযোগ পাওয়াতে আমি খুবই আনন্দিত। কাজটি আস্তে আস্তে শেষ হয়ে আসছে। এরপর মুক্তি। ছবিটি আমার চলচ্চিত্রটি জীবনের নতুন দিনের অপেক্ষা।
যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ছবিটির আরেক প্রযোজক বাংলাদেশের শাহাদৎ হোসেন লিপু।


