সাপের কামড়ে নওগাঁর পোরশায় খালা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার সরাইগাছী মোড়ে ঘটনায় মৃতরা হলেন- উপজেলার সরাইগাছী মোড়ের সাব্বির আলমের স্ত্রী হাবিবা খাতুন (২৭) ও তার ভাগ্নে মাসুম (২)।
সাব্বির আলম জানান, রাতে ভাগ্নে মাসুমকে নিয়ে হাবিবা একটি ঘরে ঘুমাচ্ছিলেন। ভোরে সাপে কামড় দিলে তারা দুজনই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা ঘরে গিয়ে বালিশের কাছে একটি গোখরা সাপ দেখতে পান। এ সময় হৈচৈয়ে সাপটি পালিয়ে যায়। হাবিবা ও মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল।


